ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাড়িপুর রাস্তার মাথায় মিনি ট্রাকচাপায় কাভার্ড ভ্যানের হেলপার মো. রুবেল (২৮) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহাসড়কের ফেনীর চাড়িপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল মিয়া (২৮) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবপুর এলাকার আবদুল লতিফের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাভার্ড ভ্যানের চাকায় হাওয়া দেয়ার জন্য রাস্তার পাশে নিরাপদ দূরত্বে দাঁড়ালে পিছন দিক থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মিনি কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন মহিপাল হাইওয়ে থানার পুলিশকে খবর দিলে, পুলিশ ঘাতক ট্রাকটি ও এর চালক ইসমাইল হোসেন (২৬) কে আটক করে। ইসমাইল চট্টগ্রামের ফটিকছড়ি জেলার সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্ট থানার মোহাম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসক মিনি কাভার্ড ভ্যানের হেলপার রুবেল মিয়া (২৮) কে মৃত ঘোষনা করেন। আহত চালককে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।   

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা   প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত