জয়নুল আবদিন ফারুক

নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

ফেব্রুয়ারিতেঁ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পরিচালনায় ‘আওয়ামী দোসর’ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, মুগ্ধ-আবু সাঈদরা দেশে যে গণতন্ত্র এনে দিয়েছে শেখ হাসিনা দিল্লিতে বসে তা শেষ করে দেওয়ার চেষ্টা করছে। হাসিনার প্রেত্মাতারা এখনও সচিবালয়ে বসে আছে। তাই গণতন্ত্র ফোরামের দাবি হবে- আগামী বছরে ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা ২০১৮ সালের দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা ২০২৪ সালের বাংলাদেশে দিনের ভোট রাতে করেছেন সেই প্রেত্মাতাদের সম্পৃক্ত করা যাবে না।

নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি জীবন-ভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের লড়াই আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়না ঘরে দিন দিন নির্যাতনের শিকার হয়েছি। সেই আয়নাঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দিন, আমাদের নেতা যেভাবে কাজ করতে বলেছেন, সেইভাবে কাজ করুন।

সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলগুলোর উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমি বলব, পিআর পদ্ধতি যদি আনতে হয় জনগণের কাছে যান, নির্বাচিত হয়ে শেরে বাংলা নগরের সংসদ যান, সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর পদ্ধতি দেন। কিন্তু বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে বুঝে ফেলেছে, বাংলাদেশে নির্বাচন একটাই… আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবে… সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা জালিয়াতি করেছে শেখ হাসিনা। এখন সেই হাসিনা দিল্লিতে বসে তার বাংলাদেশে বসে থাকার দোসরদের দিয়ে চক্রান্ত করছে।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাদুর রহমান টিপুর সঞ্চালনায় এই সমাবেশে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত