বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ বাড়ানোর প্রস্তাব করেছিলেন ভোজ্য তেলের ব্যবসায়ীরা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের এই ১ টাকা বাড়ানোর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানোর নির্দেশনা দিয়েছে।
ব্যবসায়ীদের দাবি, তেলের দাম ১ টাকা বাড়ানোর সিদ্ধান্তটি তারা মানবেন না। কারণ বৈঠকে খোদ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের দেওয়া বিশ্লেষণেই অন্তত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়ানোর সুযোগ রয়েছে। ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দেশের ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন। বৈঠকটি হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে।
সভা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে এত দাম বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম ১ টাকা করে বাড়াতে বলেছে ব্যবসায়ীদের।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক কিছু জানায়নি। ওই বৈঠকের পর সাংবাদিকদের জানানোর কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় সেটা করেনি। দুপক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয় সিদ্ধান্তহীনভাবে ভোজ্য তেলের ওই বৈঠক শেষ হয়েছে।
জানা গেছে, বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ ও পাম তেলের দাম ১৫০ টাকা রয়েছে।
সভা সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, সেটা অনেক বেশি বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করে ১ টাকা বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা এতে আপত্তি তুললেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে তেলের দাম বাড়ানো যাবে না, বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের দাম। এতেই ব্যবসায়ীরা খানিকটা ক্ষুব্ধ হয়েছে।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ীদের একজন নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে জানান, ট্যারিফ কমিশন থেকে যে পর্যালোচনা দেওয়া হয়েছে তাতে করে সয়াবিন তেলের দাম সাড়ে ৪ টাকা এবং পাম অয়েলের দাম সাড়ে ৬ টাকা বৃদ্ধির সুযোগ রয়েছে। কিন্তু মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে দাম বাড়ানো যাবে না। ব্যবসায়ীরা চাইলে খোলা তেলের দাম আরও একটু বৃদ্ধির অনুমতি দেবে তবে বোতলজাত তেলের দাম ১ টাকার বেশি বাড়ানো যাবে না।
