অল্প বৃষ্টিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বেশ বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে টানা বর্ষণেও তলিয়ে যায় দুটি হল ও ইনস্টিটিউটের ভেতর ও বাইরের রাস্তা। পরে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার স্থানগুলো পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন।
এ সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল প্রাধ্যক্ষ ড. মাহবুবা সুলতানা, মৈত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটররা, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি যুবাইর এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, দুই হল সংসদের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সমস্যার তাৎক্ষণিক সমাধানে ছাত্রীরা যাতে যাতায়াতে সুবিধা পান সে জন্য অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হয় এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করে ড্রেনেজ পরিষ্কার ও পরিছন্নতার উদ্যোগ নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, সকালে টানা বৃষ্টিতে ফজিলাতুন্নেছা মুজিব ও মৈত্রী হল ও সমাজকল্যাণ ইনস্টিটিউটের গেটে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা থেকে হলের অবকাঠামো অনেক নিচু হওয়ায় পানি বেরিয়ে যেতে পারছে না। তাছাড়া দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় স্বল্প সময়ের বৃষ্টিতেও বেশ নাজেহাল পরিস্থিতিতে পড়তে হয় দুটি হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মৈত্রী হলের ভেতরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নিচতলায় পানি প্রবেশের উপক্রম হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমতে থাকে। অন্যদিকে বঙ্গমাতা হলের ভেতরে জলাবদ্ধতা না হলেও বাইরের গেটে হাঁটু সমান পানি জমেছিলো যা এখন নামতে শুরু করেছে।
এদিকে দুটি হলের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার জন্য নির্ধারিত বাস হলের বাইরের গেট পর্যন্ত আসে। কিন্তু মূল গেট থেকে অভ্যন্তরীণ গেট দূরে হওয়ায় যাতায়াতের বাস, শাটল বা রিকশা ভেতরে প্রবেশ করে না। এতে পানির মধ্যে হেঁটেই শিক্ষার্থীদের বাসে ওঠতে হয়।
কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী মুহসিনা রহমান বলেন, সকালের বৃষ্টিতে নিচতলায় এক ইঞ্চির জন্য পানি ঢুকেনি। এর আগে আমাদের নিচ তলার কক্ষগুলোতে পানি উঠেছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। প্রশাসন দায়সারা সিটি করপোরেশনের ওপর দায় চাপিয়ে দেন।
ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাহমিনা তামান্না বলেন, সকালে টানা বৃষ্টিতে হলের গেটে হাঁটু পর্যন্ত পানি জমেছিল। অল্প বৃষ্টিতেই হলের সামনে এবং নিউমার্কেটের সামনের রোডে পানি জমায় শাটল বা রিকশা চলাচল করতে পারে না। ফলে শিক্ষার্থীদের প্রচ- সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, পরে দুটি হল ও ইনস্টিটিউটের সার্বিক পরিস্থিতি ডাকসু নেতারা পরিদর্শন করে সমস্যার সমাধানে কাজ করবেন বলে জানিয়েছেন।
সার্বিক বিষয়ে ভিপি সাদিক কায়েম বলেন, হল দুটি ও সমাজকল্যাণ ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত। আমরা প্রশাসনের সহায়তায়, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে চাই।
