গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা কার যাচ্ছে চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায়। একদল শিক্ষার্থী তিন বছর চেষ্টার পর ফর্মুলা-স্টাইল কার তৈরি করেছে। আগামী মাসে শিক্ষার্থীদের নিজের ডিজাইনে তৈরি এ কার চীন দেশে প্রতিযোগিতায় যাচ্ছে। যেখানে রাশিয়া, ইতালি, চীনসহ ১৪টি দেশ প্রতিযোগিতা করবে। সফলভাবে তাদের এই গাড়ি তৈরিতে আনন্দিত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতাটি আগামী ৮-১২ অক্টোবর চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে হবে। আয়োজন নিয়ে উচ্ছ্বসিত এই উদ্যোগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা। ৭০ শিক্ষার্থীর তিন বছরের সাধনায় নির্মিত রেসিং কারটি ইঞ্জিন ছাড়া সব উপাদান বাংলাদেশে তৈরি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফর্মুলা কার গাড়িটিতে ব্যবহৃত হয়েছে কেটিএমের ৩৯০ সিসি ইঞ্জিন (৩২ কিলোওয়াট, ৩৫ নিউটন-মিটার টর্ক), স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসি, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। গাড়িটির দৈর্ঘ্য ৩ হাজার ১৮১ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৪০৯ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৩৯ মিলিমিটার। আইইউটির মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ দলটি যাত্রা শুরু করেন ২০২১ সালে। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
