‘বিশ্বের সেরা স্পিনারকে’ কেন বোলিং করায় না পাকিস্তান?

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মোহাম্মদ নওয়াজ ৫ উইকেট নিয়েছিলেন। এরপর এশিয়া কাপের প্রারম্ভে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেছিলেন, ‘আমাদের কাছে মোহাম্মদ নওয়াজ আছে, যে বর্তমানে বিশ্বের সেরা স্পিন বোলার।' কিন্তু সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সেই ‘বিশ্বের সেরা স্পিনার’কে বোলিংই করাল না পাকিস্তান! কিন্তু কেন?

গত রবিবার সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে উড়ে গেছে পাকিস্তান। সেই ম্যাচের একাদশে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ থাকলেও তাকে এক ওভারের জন্যও বোলিং দেননি পাকিস্তান অধিনায়ক সালমান আগা। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা হলে পাকিস্তান অধিনায়ক যুক্তি দেন, ভারতীয় ব্যাটারদের লেফট-রাইট কম্বিনেশনের কারণেই নাকি নওয়াজকে বোলিং করানো সম্ভব হয়নি!

এরপর থেকেই ক্রিকেটপ্রেমীরা বলছেন- ‘বিশ্বের সেরা স্পিনার’কে যদি এত হিসাব করে বোলিংয়ে আনতে হয়, তাহলে সে কীভাবে সেরা হলো? সেই যাই হোক, গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বেশ সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচেও নওয়াজকে বোলিং করানো হয়নি। ব্যাট হাতে ভারতের বিপক্ষে ১৯ বলে ২১ করেছিলেন নওয়াজ, আর শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় গতকাল অপরাজিত ছিলেন ২৪ বলে ৩৮ রানে।

চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে বোলিং করেছেন মোহাম্মদ নওয়াজ, শিকার করেছেন একটিমাত্র উইকেট সেটাও আবার ওমানের মতো দলের বিপক্ষে। এরপর ভারতের বিপক্ষে ৩ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ৩ ওভারে খরচ করেন ২৭ রান। সুপার ফোরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ফেলা পাকিস্তান পরে আর তাকে বোলিং করায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত