পৌনে ৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের ঝিকরা এলাকার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর এলাকায় পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরীচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। ওই সময়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো ও একাধিক ব্যাংক একাউন্ট থেকে অর্থ তুলে প্রায় ৭ কোটি টাকা আত্মসাত করেন। পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ফিরে আসেন। এরপরই রাকিবুল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি প্রকাশ পায়। একই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন আব্দুল মজিদ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় ইতালি
একিটিকে গোল করে জিতিয়েও 'স্টুপিড' বকুনি খেলেন লিভারপুল কোচের