সৌদি: পারিবারিক ভ্রমণের নতুন দিগন্ত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

দীর্ঘ দশক ধরে সৌদি মূলত ধর্মীয় তীর্থযাত্রার স্থান হিসেবে পরিচিত ছিল, যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ মুসলিম হজ ও ওমরাহ পালনের জন্য ভ্রমণ করেন। তবে গত কয়েক বছরে এই চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এখন সৌদি একটি প্রাণবন্ত পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে থিম পার্ক, কেনাকাটার অসাধারণ অভিজ্ঞতা, সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন, আধুনিক বিনোদন কেন্দ্র এবং মরুভূমির দুঃসাহসিক ভ্রমণের সুযোগ। এটি এখন আর কেবল মুসলিমদের তীর্থযাত্রার স্থান নয়।

বর্তমানে দেশটি আরও বেশি বিদেশি ভ্রমণকারীদের স্বাগত জানাচ্ছে এবং বিশ্বের পর্যটকদের জন্য এক গতিশীল ও বহুমাত্রিক গন্তব্য হিসেবে উপস্থাপন করছে। দ্রুত ও ব্যাপক পরিবর্তনের ফলে সৌদি এখন বিশ্বজুড়ে ভ্রমণকারীদের জন্য এক নিরাপদ, আকর্ষণীয় ও বৈচিত্র্যময় ভ্রমণ স্থান।

সৌদি ভ্রমণ হতে পারে অনাবিল আনন্দদায়ক, সংস্কৃতি, ইতিহাস ও বিনোদনের এক অবিস্মরণীয় মেলবন্ধন। বিশেষ করে বাংলাদেশি পরিবারগুলোর জন্য। অবসর কাটানো, খাবারের বৈচিত্র্য উপভোগ করা কিংবা সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জন, যাই খুঁজে থাকুন না কেন, সৌদি রাজ্য নিজেকে উপস্থাপন করছে একটি আদর্শ পারিবারিক ভ্রমণ গন্তব্য হিসেবে।

প্রতিটি পরিবারের জন্য এক অবিস্মরণীয় যাত্রা

সৌদিতে ভ্রমণ শুধু একটি সফর নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা প্রজন্ম থেকে প্রজন্মে গল্প হয়ে বেঁচে থাকবে। যেখানে হালাল খাবারের সুবাস থেকে শুরু করে জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা ও উপলব্দি করার এক অনন্য সুযোগ রয়েছে।

বাংলাদেশের স্বাদে হালাল খাবারের নিশ্চয়তা

বিদেশে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য, বিশেষত পরিবারের ক্ষেত্রে, খাবার প্রায়ই একটি বড় চিন্তার বিষয় হয়ে ওঠে। এ ক্ষেত্রে সৌদি দেয় সম্পূর্ণ মানসিক শান্তি। শতভাগ হালাল খাদ্যের নিশ্চয়তার কারণে বাংলাদেশি পর্যটকরা পাবেন আপন ঘরের স্বাদ।

জেদ্দা ও রিয়াদসহ বিভিন্ন শহরে পাওয়া যায় বাংলাদেশি স্বাদের বিরিয়ানি, ভুনা খিচুড়ি, কাবাবসহ নানান পদ। পাশাপাশি সৌদি আরবের নিজস্ব আঞ্চলিক খাবার যেমন শাওয়ারমা, হুমুস, কাবসা এবং মাটন মান্দি ভ্রমণকারীদের জন্য এনে দেয় নতুন, সুস্বাদু ও আসল স্বাদের অভিজ্ঞতা।

আন্তর্জাতিক খাবারের ভক্তদের জন্য সৌদির বৈচিত্র সত্যিই অসাধারণ। তুর্কি, ইতালিয়ান, লেবানিজ থেকে শুরু করে চাইনিজ খাবার, সবই সহজে পাওয়া যায় এখানে। তাই সৌদিতে ভোজন কেবল খাবার গ্রহণ নয়; এটি হয়ে ওঠে এক ইন্দ্রিয় তৃপ্তিময় সাংস্কৃতিক অভিজ্ঞতা।

পরিবারের জন্য উৎসবমুখর কেনাকাটা

যে কোনো পারিবারিক ভ্রমণেই কেনাকাটা একটি অবিচ্ছেদ্য অংশ, আর সৌদি যেন এক বিশাল শপিং স্বর্গ। ঐতিহ্যবাহী থেকে শুরু করে বিলাসবহুল সব ধরণের কেনাকাটার সংস্কৃতির জন্য দেশটি বিশ্বজুড়ে সুপরিচিত।

প্রতি বছর রিয়াদ ও জেদ্দায় আয়োজিত হয় প্রাণবন্ত শপিং ফেস্টিভ্যাল, যেখানে পর্যটকরা ব্র্যান্ডেড পোশাক, গ্যাজেট, গয়না, হস্তশিল্পসহ নানা পণ্যে বড় ধরনের ছাড় পান। আধুনিক বিশালাকৃতির শপিং মলগুলোতে পরিবারের সবার জন্যই পাওয়া যায় কিছু না কিছু।

আরও প্রামাণ্য অভিজ্ঞতার খোঁজে যারা থাকেন, তাদের জন্য দেশটির প্রাচীন সুকগুলো (বাজার) হলো আরব ঐতিহ্য আবিষ্কারের এক অনন্য জায়গা। এসব বাজারে ভরপুর থাকে আরবি গয়না, রঙিন টেক্সটাইল, সুগন্ধি আতর, উৎকৃষ্ট মানের খেজুর ও নানা ধরনের বিরল মসলা। সুক ভ্রমণ শুধু কেনাকাটা নয়; এটি একই সঙ্গে শিক্ষামূলক ও সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা।

মরুভূমির বুকে অনন্য অভিযাত্রা

সৌদিতে ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর দিকগুলোর একটি হলো বিস্তীর্ণ মরুভূমির দৃশ্যাবলি দেখা। যারা আগে কখনো সুবিস্তৃত বালিয়াড়ির সৌন্দর্য দেখেননি, তাদের জন্য এটি জীবনে প্রথমবারের মতো পাওয়া এক অভূতপূর্ব সুযোগ।

ভাবুন, খোলা মরুভূমির আকাশের নিচে তারা গুনতে গুনতে রাত কাটানো। মরুভূমি অভিযাত্রাকে অবিস্মরণীয় করে তোলে স্যান্ডবোর্ডিং, উটের পিঠে চড়া, ডিউন ব্যাশিং এবং ঐতিহ্যবাহী বারবিকিউ রাতের মতো কার্যক্রম।

শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্যই ডিউন ব্যাশিং এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে বিশেষভাবে তৈরি বাগি গাড়িতে চেপে চলতে হয় স্থানান্তরিত বালিয়াড়ির ভেতর দিয়ে। তারাভরা আকাশের নিচে মরুভূমিতে ক্যাম্পিং পরিবারকে আরও ঘনিষ্ঠ করে তোলে, আর সোনালি বালিয়াড়ির উপর গোধূলিবেলায় উটের যাত্রা যেন 
রোমান্টিক ও সিনেমাটিক এক অভিজ্ঞতা।

থিম পার্ক ও পরিবারবান্ধব আকর্ষণঃ সৌদি এখন এমন সব বিশ্বমানের বিনোদন কেন্দ্র ও থিম পার্কের আবাসস্থল, যা সব বয়সের মানুষের জন্য সমান আকর্ষণীয়। তাই এটি এখন শুধু ইতিহাস আর মরুভূমির দেশ নয়।

থিম পার্কগুলোতে শিশুদের জন্য রয়েছে বাড়তি আনন্দ, যা পারিবারিক ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে জেদ্দার আল-শাল্লাল থিম পার্ক ও রিয়াদ সিজন, যেখানে আছে আধুনিক রাইড, আর্কেড গেমস, লাইভ কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতি বছর রিয়াদ সিজন চলাকালে পুরো শহরই পরিণত হয় এক বিনোদনকেন্দ্রে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত চলা এই উৎসবে আয়োজিত হয় কনসার্ট, প্রদর্শনী আর নানা আকর্ষণীয় আয়োজন।

জেদ্দার আল-শাল্লাল থিম পার্কে রোলার কোস্টার, আইস স্কেটিং রিঙ্কসহ নানা আকর্ষণ শিশু ও কিশোর-কিশোরীদের জন্য এক জনপ্রিয় গন্তব্য। রিয়াদের কিডজানিয়ায় ছোটরা নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে বিভিন্ন পেশার ভূমিকায় অভিনয় করতে পারে। এখানে খেলার মাধ্যমে মেলে শেখার এক অনন্য অভিজ্ঞতা।
এসব আকর্ষণ পারিবারিক ভ্রমণের জন্য আদর্শ, কারণ এগুলোতে রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্রাম আর শিশুদের জন্য উচ্ছ্বাসের নিখুঁত সমন্বয়।

২০২৫ সালের শেষের দিকে সৌদি ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে মিস করবেন না কিদ্দিয়া, রিয়াদের বাইরে গড়ে ওঠা রাজ্যের সর্বোচ্চ বিনোদন, ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র। রোমাঞ্চপ্রেমী ও পরিবার সবার জন্যই থাকছে সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া এলাকার প্রথম সিক্স ফ্ল্যাগস পার্ক, যেখানে থাকবে রেকর্ড-ব্রেকিং রাইড। পাশাপাশি আকোয়ারাবিয়া কিদ্দিয়া সিটি-মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ওয়াটার থিম পার্ক, যেখানে থাকবে চমকপ্রদ জলভিত্তিক আকর্ষণ। অপেক্ষা করছে অ্যাডভেঞ্চার!
সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভ্রমণ: পারিবারিক ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়; এটি শিক্ষা ও সংস্কৃতি আবিষ্কারেরও একটি সুযোগ। সৌদির সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ স্থান এখন আন্তর্জাতিক পর্যটকদের জন্য উন্মুক্ত।

‘সৌদির পেট্রা’ নামে পরিচিত আলউলা প্রাচীন নাবাতেয়ান সভ্যতার ধ্বংসাবশেষের আবাসস্থল। সৌদি রাষ্ট্রের জন্মভূমি দিরিয়াহতে রয়েছে প্রাচীন দুর্গ ও ঐতিহ্যবাহী স্থাপনা। ইতিহাসে আগ্রহীদের জন্য আরেকটি মূল্যবান স্থান হলো হিজাজ রেলওয়ে, যা অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল। এসব স্থান শিশুদের জন্য হাতে-কলমে ইতিহাস, স্থাপত্য ও প্রাচীন সভ্যতা সম্পর্কে জানার শিক্ষামূলক সুযোগ দেয়, যা ভ্রমণকে করে তোলে আরও আনন্দদায়ক ও সমৃদ্ধ।

আলা খোতা (“নবীর পদাঙ্কে”) ভ্রমণকারীদের সুযোগ দেবে নবী মুহাম্মদ (সা.) ও আবু বকর আস-সিদ্দিক (রা.)-এর ঐতিহাসিক হিজরত পুনর্জীবিত করার। মক্কা থেকে মদিনা পর্যন্ত তাঁদের যাত্রাপথ অনুসরণ করে ইতিহাসের সাথে এক গভীর সংযোগ স্থাপন করা যাবে। এই নভেম্বরেই উদ্বোধন হবে এটির। 

নতুন সৌদি, নতুন অভিজ্ঞতা

সৌদির ভ্রমণ ও পর্যটন খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেখানে গড়ে উঠছে বিশ্বমানের হোটেল, অত্যাধুনিক বিনোদনকেন্দ্র ও শক্তিশালী অবকাঠামো, যাতে পর্যটকরা পান আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদি ভ্রমণ করেছেন ১১ কোটি ৬০ লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আর এ বছরের প্রথম তিন মাসেই ৮৬ লাখ বিদেশি পর্যটক সৌদি ভ্রমণ করেছেন। দেশটির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে বছরে ১৫ কোটি পর্যটক নিশ্চিত করা।

হালাল খাবারের সুবিধার পাশাপাশি বাংলাদেশি পরিবারগুলোর জন্য রয়েছে অন্য সংস্কৃতি, পরিবেশ ও জীবনধারা উপভোগ করার সুযোগ। সৌদি আর কেবল ধর্মীয় তীর্থযাত্রার স্থান নয়। আজ এটি একসঙ্গে অ্যাডভেঞ্চার, ইতিহাস, খাবার, কেনাকাটা ও আধুনিক বিনোদনের দেশ। বাংলাদেশি পরিবারগুলোর জন্য নিরাপদ, বৈচিত্রময় ও রোমাঞ্চকর এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে সৌদি।

বাংলাদেশিদের জন্য সহজ যাতায়াতঃ ভ্রমণকে ঝামেলাহীন করতে সৌদি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে, বিশেষ করে উমরাহ+ ভ্রমণকারীদের জন্য দ্রুত অনুমোদনের সুযোগ রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে তিনটি ‘তাসীর সেন্টার’ রয়েছে, যেখানে সৌদিতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পরিকল্পনাকারীদের ভিসা সহায়তা দেওয়া হয়।

এই সুবিধার মাধ্যমে ভ্রমণকারীরা তাঁদের ধর্মীয় আচার পালনের আগে বা পরে সৌদি ভ্রমন করতে পারেন, যা সফরকে করে তোলে একইসঙ্গে আধ্যাত্মিক ও স্মরণীয়। বাংলাদেশ ও সৌদির মধ্যে সপ্তাহে ৫০টিরও বেশি ফ্লাইট চলাচল করছে, যা ভ্রমণকে করে তুলেছে আরও সহজ এবং আরামদায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত