মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে একটি ডুপ্লেক্স ভবনে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের দল সহোদর দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজি সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে এই ডাকাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকারকে (৪৩) ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান, তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে ওই ডুপ্লেক্স ভবনে বসবাস করে আসছেন। পরিবারের সকলেই ঘুমিয়ে গেলে রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। ডাকাতদল প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতদলকে বাঁধা দিতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে জখম করে। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকতদল। এরপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় পাঠান।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যমুনা গ্রুপে চাকরির সুযোগ
আগামীকাল মোমেনার ‘গোধূলি বেলায়’