নীলফামারী বিএনপিতে যোগ দিলেন ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের এই মানুষদের জেলা বিএনপির আয়োজনে দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ চত্বরে ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। এ সময় ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ এমন স্লোগান দেন তারা।

দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন ওই গ্রামের গজেন্দ্র নাথ রায়, সিমা রানী রায়, প্রহলাদ রায়।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি কোন গুজবে কান না দেওয়া এবং কেউ যদি মব সৃষ্টি করার চেষ্টা করে তাহলে দ্রুত প্রশাসনও আমাদের জানাবেন। নতুন স্বাধীন বাংলাদেশে নতুন করে কোন অপরাধীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত