ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন, গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে। খবর আরব নিউজ।
জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ভাষণকালে মধ্য-ডানপন্থি এই গ্রিক নেতা বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গ্রিস ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তবে এতে আমাদের খোলাখুলি এবং স্পষ্টভাবে কথা বলার কোনো বাধা নেই।’
মিৎসোটাকিস সতর্ক করে বলেন, ‘যদি এই ধারা অব্যাহত থাকে, শেষ পর্যন্ত তা ইসরায়েলের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সমর্থন কমে যাবে।’
তিনি বলেন, ‘আমি আমার ইসরায়েলি বন্ধুদের বলছি—যদি তারা এমন পথে এগোয় যা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ভেঙে দিচ্ছে, তবে তারা তাদের অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিচ্ছে।’
সাম্প্রতিক দিনে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের নীতির প্রতি বিরক্তি প্রকাশ করেছে। তবে গ্রিস এই দলে যোগ দেয়নি।
একই দিনে জাতিসংঘে ভাষণকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ উসকে দেওয়া’ অভিযোগ তোলেন।
অন্যদিকে, গাজায় ধারাবাহিক গণহত্যার জন্য ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলা করেছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ কারণে নিউইয়র্ক যাওয়ার পথে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গিয়েছিল তার বিমান। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং আইসিসির সদস্য নয়, তাই সেখানে তার গ্রেফতার হওয়ার শঙ্কা নেই।
বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি; প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
টঙ্গীতে কারখানায় আগুন: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু