ফাইনালের আগে ভারতীয় পেসারের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ পাকিস্তানের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

এশিয়া কাপের ফাইনালের আগে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত–পাকিস্তান দ্বৈরথ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় পেসার আর্শদিপ সিংয়ের বিরুদ্ধে অশোভন অঙ্গভঙ্গির অভিযোগ এনে আইসিসিতে লিখিত অভিযোগ জমা দিয়েছে।

পাকিস্তানের সামা টিভির সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের ছয় উইকেটের জয়ের পর দর্শকদের উদ্দেশে অর্শদীপ অশালীন ভঙ্গি প্রদর্শন করেন। পিসিবির দাবি, এই আচরণে আইসিসির আচরণবিধি ভঙ্গ হয়েছে এবং ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তারা অর্শদীপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইসিসিকে আহ্বান জানিয়েছে।

এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও দু’বার অভিযোগ করেছিল পিসিবি। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর তিনি পাহালগাম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে জয়টিকে ভারতীয় সেনাদের উৎসর্গ করেন। পিসিবির মতে, সূর্যকুমার এই মন্তব্যের মাধ্যমে ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছেন।

আইসিসি তদন্তে সূর্যকুমারকে আচরণবিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেছে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন, তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তার বক্তব্য গ্রহণ করেননি। শাস্তি হিসেবে ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে পাকিস্তানি পেসার হারিস রউফকেও জরিমানা করা হয়েছে।

এছাড়া সুপার ফোরের ম্যাচে অর্ধশতক পূর্ণ করার পর বন্দুক তাক করার ভঙ্গিতে উদযাপন করায় পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহান সতর্কবার্তা পেয়েছেন। অপরদিকে রউফকে ম্যাচ চলাকালে অশালীন ভাষা ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত