চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস (তয়েজ) সঙ্গে রং সাইডে গিয়ে বাস-সাইকেলের সংঘর্ষে মুহিবুল ইসলাম মহিব (১৭) নামে এক সাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মুহিবুল উপজেলার হাশিমপুর ইউনিয়নের খুনিয়ার পাড়া এলাকার ফখর উদ্দিন চৌধুরীর সন্তান। তিনি বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় আরেক সাইকেল যাত্রী মো. তুষার (১৭) গুরুতর আহত হয়েছেন। আহত তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি একই এলাকার নুরুল আলমের সন্তান।
ঘাতক বাস চালক নীলফামারীর এলাকার মো. হানিফকে (৪৫) স্থানীয় জনতা আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধা ৬টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহী তয়েজ বাসের (যার নাম্বার - ঢাকা মেট্টো - ব- ১২-৪৪৩১) সঙ্গে দুই সাইকেলের আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী মুহিবুল ও তুষার রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। বাসের চালক আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
