জুলাই গণহত্যার মামলায় আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী।
এর আগে গতকাল রবিবার জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ভিডিওটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিও সরাসরি সম্প্রচার করা হয়।
আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল-২ এ।
এছাড়া আজ কুষ্টিয়ায় সাতজনকে হত্যার মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
