কুষ্টিয়ার ৬ হত্যা মামলা

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম

আগামী ১৪ অক্টোবর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জন হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের শুনানির পর আদালত অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য এক সপ্তাহ সময় চান। ইনুর পক্ষের আইনজীবী নাজনীন নাহার আরও দুদিন সময় বৃদ্ধির আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ১৪ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ইনুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন জুলাই-আগস্টে গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগ শুনানির পর আদালত তা গ্রহণ করে এবং ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

গত বছরের ২৬ আগস্ট উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ার নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত