রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিউর রহমান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় এই দুর্ঘটনা। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অলিউর ফেনীর পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের শেখ ফরিদের ছেলে। বর্তমানে ফকিরাপুল ১ নম্বার গলিতে ভাড়া বাসায় থাকতেন। ইন্টারনেট সরবরাহকারী একটি কোম্পানিতে চাকরি করতেন।

হাসপাতালে অলিউরের সহকর্মী মো. সুমন জানান, দুপুরে মতিঝিল দিলকুশা এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের তার টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন অলিউর। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত