রাজধানীর বাড্ডার নিমতলী এলাকার শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ৫ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। পরে চুরি যাওয়া গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালীমন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা ৪ জন ফোর্স ও ৩ জন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শটগানের গুলি ছিল। পরে সকাল পৌনে ১০টায় পুলিশ মন্ডপ সংলগ্ন একটি পতিত জায়গা থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, ডিউটিরত পুলিশ ফোর্সদের চুরি যাওয়া মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হলেও এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা। সে জন্য বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ অভিযুক্ত ও দায়ী ৫ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
