কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর ও তার স্ত্রী ঘরেই ছিলেন। পাশের ঘরে ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রী মারা যান। তবে সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।
