অন্যায়ের বিরুদ্ধে বার্তা দিতে দুর্গার আবির্ভাব হয়: ড. মঈন

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ এএম

অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না আর সে বার্তা দেওয়ার জন্যই প্রতিবছর দুর্গার আবির্ভাব হয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, শুধু উৎসব করলে হবে না, শারদীয় পূজার যে মূল বার্তা তা মানতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। আর সে বার্তা দেয়ার জন্যই প্রতিবছর শারদীয় দুর্গার আবির্ভাব হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল। আজকে এক বছর পর বাংলাদেশে সেই চিত্র কিন্তু নেই। আমাদের সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দিবো না, জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করবো। সুশিল সমাজের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র উত্তোরণে চেষ্টা অব্যাহত থাকবে। এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব দেবে আমরা তাকেই স্বাগত জানাবো। 

বিএনপি এই বর্ষীয়ান নেতা বলেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এই নয় যে আমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। আর আমরা যদি এমনটি মনে করি তবে সেটা হবে ভুল। আসুন আমরা অন্যায়, অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বার বার ফিরে এসে আমাদের সমাজের সুশিল ও ভালো মানুষের ওপর জুলুম করে থাকে।

সেবা সংঘ মন্দিরের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন- সংঘের সাধারণ সম্পাদক অগ্নিসাহা, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত