নারায়ণগঞ্জে র‍্যাব ডিজি

৪৯ মণ্ডপে বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা, ১৯ দুষ্কৃতি গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টিতে দুষ্কৃতীরা বিচ্ছিন্নভাবে নাশকতার চেষ্টা করেছে। আমরা এ পর্যন্ত ১৯ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মণ্ডপ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

র‍্যাব ডিজি বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে। বাংলাদেশ সব ধর্ম ও গোত্রের। আমরা সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মের উৎসব পালন করবো। এখানে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানোর মতো কোনো ঘটনা ঘটবে না। 

তিনি বলেন, সবচেয়ে ভালো হতো পূজা, ঈদের নামাজ বা বড়দিন যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা ছাড়া করতে পারতাম। সেটিই হত আমাদের পূর্ণাঙ্গ আনন্দ। আশা করি সেই দিন আসবে। ধর্মীয় উৎসবগুলো কোনো পাহারা ছাড়া আমরা উদযাপন করতে পারব।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার জসিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, তারাপদ আচার্য, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত