ইথিওপিয়ায় অস্থায়ী গির্জা ভেঙে নিহত ৩৬

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম

ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হন বহু মানুষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে।

আল জাজিরা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে।

জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) বলেন, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে উদ্ধারকাজের বিস্তারিত তথ্য তিনি জানাননি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত