ঈশ্বরগঞ্জে এক রাতে ৮ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক রাতে খামারির আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো নামে একটি খামার থেকে গরুগুলো চুরি হয়। এতে ওই এলাকায় খামারিদের মধ্যে গরু চুরি আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবদিয়া এগ্রোর মালিক মো. আরিফ হোসেন সায়মন।

খামারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের চার সদস্য বুধবার দিনগত রাত সাড়ে ৪ টার দিকে খামারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। খামারে থাকা ৮ টি ষাঁড় গরু নীল রঙের একটি পিকআপ ভ্যানে ভরে নিয়ে যায় চোর চক্র।

খামারের কর্মচারী আল-আমিন বলেন, রাত ২টা পর্যন্ত আমি জেগে ছিলাম। দুইটার পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দেখি খামারের বেড়ায় মুড়ানো পর্দা খোলা অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখি খামারের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখি একটাও গরু নেই খামারে।

খামারের মালিক মো. আরিফ হোসেন সায়মন জানান, সকাল ৭ টার দিকে খামারের পাহারাদার আল-আমিনের ফোনে আমার ঘুম ভাঙে। দৌড়ে খামারে এসে দেখি সব গরু চুরি হয়ে গেছে। এ সময় আমাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে। খামারে থাকা ৮ টি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা মতো । অনেক কষ্ট করে তিলে তিলে আমি খামারটি গড়ে তুলে ছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন খামারি সায়মন। তিনি চরনিখলা গ্রামের হারেস সরকারের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানান, চুরির ঘটনার পর তারা গরু নিয়ে দুশ্চিন্তা ও আতঙ্ক আছেন। খামারির লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুপুরে সরেজমিন পরিদর্শনে আসেন ঈশ্বরগঞ্জ থানার ওসি।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল সরেজমিনে খামার পরিদর্শন করেছি। খামারির অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজুর প্রস্তুতি চলছে। খামারির গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত