ঝালকাঠিতে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ রোপণ করে প্রতিবাদ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

ঝালকাঠিতে কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাদের ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।

বক্তারা বলেন, বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। 

স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তির শেষ নেই। তাই তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত