আইফোনেও মিলবে অ্যান্ড্রয়েডের ‘সার্কেল টু সার্চ’ ফিচার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৮ এএম

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে গুগলের ‘সার্কেল টু সার্চ’ ফিচারটি নতুন কিছু নয়। এতদিন আইফোন ব্যবহারকারীরা শুধু দেখেই গেছেন।  কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আইফোনে সার্কেল টু সার্চ ব্যবহার করা সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘মেইকটেকইজিয়ার।’

আইফোন ব্যবহারকারীদের প্রথমেই গুগল বা ক্রোম অ্যাপ ইনস্টল করতে হবে। এ জন্য আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপগুলো ডাউনলোড করা যাবে। একবার ইনস্টল হয়ে গেলে সার্কেল টু সার্চ ব্যবহার শুরু করা যাবে খুব সহজেই।

ক্রোম অ্যাপে ঢুকে কোনো ওয়েবপেজ বা ছবিতে গেলে ব্যবহারকারীকে নিচের ডানদিকে থাকা তিনটি ডটে চাপতে হবে। এরপর যে পপ-আপ আসবে সেখান থেকে ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’ নির্বাচন করতে হবে। বিকল্পভাবে এড্রেস বারে থাকা ‘লেন্স’ আইকন থেকেও এই ফিচার চালু করা যায়। একবার সক্রিয় হলে স্ক্রিনে আঙুল দিয়ে যেকোনো অংশ নির্বাচন করলেই গুগলের এআই টুল জেমিনাই প্রাথমিক তথ্য দেখাবে।

এই তথ্যের পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে বাড়তি প্রশ্ন করে আরও বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে, কোনো ওয়েবসাইটে থাকা ডুরিয়ান ফলের ছবি সার্কেল টু সার্চে দিলে কেবল ফলটির তথ্যই নয়, সেই ফল দিয়ে তৈরি সেরা রেসিপিগুলো সম্পর্কেও জানা সম্ভব হবে। এ ছাড়া ইমেজ সার্চে থাকা যেকোনো বস্তুর আলাদা করে তথ্য খুঁজতে লেন্স আইকনও ব্যবহার করা যাবে। গুগল বা ক্রোম অ্যাপ ইনস্টল থাকলে সাফারির ইমেজ সার্চেও লেন্স আইকন দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলে ব্রাউজারের ভেতর থেকেই সার্চ করতে পারবেন।

শর্টকাটস অ্যাপ দিয়ে অটোমেশন : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপ ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি অটোমেটিক করা যায়। এই অ্যাপ সাধারণত আইফোনে আগে থেকেই ইনস্টল থাকে, তবে না থাকলে অ্যাপ স্টোর থেকে নামানো যাবে। প্রথমে শর্টকাটস অ্যাপ খুলে নতুন একটি শর্টকাট তৈরি করতে হবে। সেখানে ‘টেক স্ক্রিনশট’ এবং ‘সার্চ ইমেজ উইথ লেন্স’ অপশন যুক্ত করতে হবে। এরপর শর্টকাটটির নাম পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। সবকিছু সেট হয়ে গেলে সেটিংয়ে গিয়ে অ্যাক্সেসিবিলিটি > টাচ > ব্যাক ট্যাপ অপশন চালু করতে হবে। এরপর ‘ডাবল ট্যাপ’ সিলেক্ট করে নতুন তৈরি করা শর্টকাটটির সঙ্গে যুক্ত করতে হবে।

এবার থেকে ফোনের পেছনে ডাবল ট্যাপ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেওয়া হবে এবং সেই ছবি গুগল লেন্সে খুলে যাবে। ব্যবহারকারী তখন আঙুল দিয়ে ছবির যেকোনো অংশ নির্বাচন করে তথ্য পেয়ে যাবেন। যদিও এই সমাধান সরাসরি আঙুল দিয়ে ছবি ঘিরে ধরার মতো স্বাচ্ছন্দ্যকর নয়, তবে এটি দারুণ কার্যকর, বিশেষ করে যারা গুগল বা ক্রোম অ্যাপ সবসময় ব্যবহার করেন না তাদের জন্য।

সব মিলিয়ে, অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার সার্কেল টু সার্চ এখন আইফোন ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন, তবে সেটি কিছুটা ভিন্ন পদ্ধতিতে। গুগল বা ক্রোম অ্যাপের মাধ্যমে সরাসরি কিংবা শর্টকাটস অ্যাপ দিয়ে অটোমেশন দুভাবেই ফিচারটি ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে অ্যাপলের নিজস্ব ‘ভিজুয়াল লুক আপ’ ব্যবহার করে আরও বিকল্প তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত