ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, আরেকজন পুরুষ। এর একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালে এবং আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মারা গেছে ২০২ জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা যায় সেপ্টেম্বর মাসে ৭৬ জন। এর আগে আগস্ট মাসে ৩৯ জন, জুলাইয়ে ৪১ জন, জুনে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন এবং জানুয়ারিতে ১০ জন। আর মার্চ মাসে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সব মিলিয়ে ৪৮ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবর মাসের গত দুদিনে ৮৮৬ জন, সেপ্টেম্বর মাসে ১৫ হাজার ৮৬৬ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এপ্রিলে ৭০১ জন, মার্চে ৩৩৬ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন এবং জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন হাসপাতালে রোগী ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ৬৮২ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ৫৩৯ জন চিকিৎসা নিচ্ছে।
