শেষ মুহুর্তের গোলে লিভারপুলকে হারালো চেলসি, আর্সেনাল শীর্ষে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৩ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের নাটকীয় গোলে লিভারপুলকে হারিয়েছে চেলসি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৯৬তম মিনিটে ব্রাজিলিয়ান উইংগার এস্তেভাও  উইলিয়ানের গোলেই ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এনজো মায়রেসকার দল।

এক সপ্তাহে এটি লিভারপুলের টানা তৃতীয় হার। লিগে ক্রিস্টাল প্যালেসের পর তাদের এই হারের সুযোগে  ওয়েস্ট হ্যামকে ২–০ গোলে হারানো আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল।

ম্যাচের নির্ণায়ক গোলটি আসে চেলসির বাম দিক থেকে। এনজো ফার্নান্দেজের পাসে বল পেয়ে নিখুঁত ক্রস দেন মার্ক কুকুরেয়া, আর সেটিতেই হেড করে জালের দেখা পান ব্রাজিলিয়ান তরুণ উইলিয়ান।

এনজো ফার্নান্দেজের পাসে গোল করেন এস্তেভাও

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে কুকুরেয়া বলেন, “আমরা জানতাম সালাহ সব সময় পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকে, রক্ষণে ফিরতে সে দেরি করে। কোচ বলেছিলেন, ডান দিকের জায়গাটা খালি থাকবে—ওখানেই সুযোগ তৈরি করতে।”

তিনি আরও যোগ করেন, “শেষ মিনিটে আমরা আক্রমণ থামাইনি। এনজো আমাকে বল দেয়, আমি সর্বশেষ চেষ্টা করলাম, ক্রস দিলাম, আর এস্টেভাও সেটি কাজে লাগাল।”

অন্যদিকে, লিভারপুলের ডান দিকের রক্ষণভাগ নিয়ে উদ্বেগ বাড়ছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড অনুপস্থিত, আর কনর ব্রাডলি টানা দ্বিতীয় ম্যাচে হাফটাইমে বদলি হন। সাবেক লিভারপুল তারকা জেমি রেডনাপ বলেন, “ওদের ফুলব্যাক পজিশনে সমস্যা আছে। ট্রেন্ট নেই, আর এখনো একই ডানপাশে কেউ স্থায়ী জায়গা পাচ্ছে না।”

এই জয়ে বিরতির আগে স্বস্তিতে গেল চেলসি। কুকুরেয়া বলেন, “আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করেছিলাম, যদিও দ্বিতীয়ার্ধে কিছু ভুল ছিল। তারপরও জয়টা প্রাপ্য। কঠিন কয়েকটা সপ্তাহ পার করেছি, তাই এই জয়টা দারুণ অনুভূতির।”

এই জয়ে আর্সেনাল উঠে গেছে প্রিমিয়ার লিগের শীর্ষে, আর বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল তিন ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে শিরোপা দৌড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত