নড়াইল

কচুরিপানার মধ্যে মিলল নিখোঁজ কিশোরের লাশ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

নড়াইল সদর উপজেলার দেবভোগ গ্রামের একটি পুকুরে থাকা কচুরিপানার মধ্য থেকে আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মিনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫  অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোর আমিনুর বিশ্বাস আলিফ উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাস এর ছেলে। সে পেশায় ইজিভ্যান চালক।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইজিভ্যানচালক কিশোর আমিনুর শুক্রবার রাতে তার চালিত ইজিভ্যানসহ নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপর রবিবার (৫ অক্টোবর) সকালে নড়াইল সদর থানায় আমিনুরের মা রোজিনা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নিহত আমিনুরের মা জিডি করা পরপরই তদন্ত শুরু করা হয়। এক পর্যায়ে মিনারুল নামে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায় ইজিভ্যানচালক আমিনুরকে হত্যা করে দেবভোগ এলাকায় মরদেহ ফেলেছে। তার দেখানো স্থানে একটি পুকুরে কচুরিপানার মধ্য থেকে আমিনুরের মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত