বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাড়িভাড়া পাবেন।
গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। গতকাল রবিবার বাড়িভাড়া বাড়ানোর পরিপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা এতে সই করেন। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্ত পালন সাপেক্ষে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো। পরিপত্রে কিছু শর্ত যুক্ত করে বলা হয়েছে, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে, এ ভাতা-সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন।
