সিনিয়র সংগীতশিল্পী মুজিব পরদেশীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি তার জনপ্রিয় গান ‘আমার সোনা বন্ধু রে’ পরিবেশন করছেন। এ সময় কিবোর্ডিস্টকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজেই কিবোর্ড বাজাতে শুরু করেন মুজিব পরদেশী। একজন খ্যাতিমান শিল্পী হয়ে এমন আচরণ করায় বিতর্কের মুখে পড়েছেন তিনি। ভিডিওটি শেয়ার করে অনেক মিউজিশিয়ান নিন্দা জানিয়েছেন। অনেক দর্শকও মুজিব পরদেশীর এই আচরণ মেনে নিতে পারেননি। তাদের মতে, সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তবে ঘটনার পর মুজিবের সহকর্মী ও সংগীতশিল্পী রবি চৌধুরী এই বিষয়কে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আহবান জানিয়েছেন।
রবি চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘সিনিয়র শিল্পী মুজিব পরদেশী একজনই। তার মতো সংগীতশিল্পী, সুরকার, পরিচালক আর কেউ নেই। যারা এই ভিডিও দিয়ে ভিউ-বাণিজ্যের চেষ্টা করছেন, তারা এটি বাদ দিন। আমাদের শিল্পীরা এক পরিবার।’
ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত কিবোর্ডিস্ট আসাদ বলেছেন, ‘ ঘটনাটি ঘটে সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে। সেখানে মুজিব ভাই নিজে এসে তবলা ও কিবোর্ড ঠিক করেছিলেন। তবে মাইক্রোফোন হাতে কিছু উল্টাপাল্টা বলেন যা বিরূপ পরিবেশ তৈরি করেছে। তার আচরণে অবাক হয়েছি। একজন শিল্পী কেন এরকম ব্যবহার করবেন ভেবে ওই সময় খুব রাগ হয়েছিল। তবে আমি কিছু মনে করিনি। উনার মতো গুণি মানুষের কাছে আরও সংযত ও সুন্দর আচরণ কাম্য সবার। আমরা শিল্পী ও বাদ্যযন্ত্রীরা দিনশেষে এক পরিবার। কাউকে ছোট বা হেয় করা ঠিক না।’
বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করলে মুজিব পরদেশীর ফোন বন্ধ পাওয়া গেছে।
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
ভোট দিতে এখনও আসেননি তামিম ইকবাল