ময়মনসিংহের ত্রিশালের রওশন অরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার বাংলাদেশের সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। রবিবার তিনি ঢাকা থেকে এ পুরস্কার গ্রহণ করেন। আছমা আক্তার ২০১৭ সালে প্রধান শিক্ষক হিসেবে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
আছমা আক্তারের জন্ম ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন এলাকায়। ১৯৭৮ সালের নভেম্বরে। তার পিতা মো. আব্দুল বাশার ও মাতাফিরোজা বেগম। শিক্ষাদানে কৃতিত্বের পাশাপাশি তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত নবম শ্রেণির জীববিজ্ঞান পাঠ্যবইয়ের লেখক হিসেবে সুনাম অর্জন করেছেন।
শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’-এর আওতায় নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা স্বীকৃতি লাভ করেন।
এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। একই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান লাভ করেন।
তিনি ১৯৯৩ সনে ময়মনসিংহের প্রবাহ বিদ্যানিকেতন থেকে এসএসসি, ১৯৯৫ সনে ময়মনসিংহ মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায়ই তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তিনি ১৯৯৮ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, আছমা আক্তার দেশসেরা গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত।
