কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধের প্রতিবাদ ও দ্রুত পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া চৌরাস্তায় স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সিএনজি চালকরা অভিযোগ করে বলেন, এই রাস্তায় আমাদের দুর্ভোগের শেষ নেই। গত কয়েক মাস ধরে যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে পার করতে হয়। এই সড়ক দিয়ে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার মানুষ ভালুকা ও ময়মনসিংহে যাতায়াত করে। সংস্কার কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু এখন আবার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ শুরু হয়। কিন্তু অজ্ঞাত কারণে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নোটিশ দিয়ে কাজটি বন্ধ করে দেয়। এতে সড়কটিতে চলাচলকারী চালক ও পথচারীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।

এদিকে, জনদুর্ভোগ বিবেচনায় স্থানীয়রা দ্রুত সংস্কার কাজ পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত