বিএনপির বিকল্প থাকলে ভোটে প্রমাণিত হবে: মুশফিকুর রহমান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ নির্বাচন চায়, সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, নির্বাচন হয়ে যাবে। তিনি সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সড়ক বাজারে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, বিভিন্ন দল বিভিন্ন কথা বলে নির্বাচন পিছিয়ে দিতে চায়। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকই নয় বিদেশি হস্তক্ষেপও আছে। তারা চায় না, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হোক। তারা বাংলাদেশের উন্নয়নে খুশি না। গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হত তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দকে আশ্রয় দিত না। আজ আমাদের সময় এসেছে তাদের চেনার। বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটে প্রমাণিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার  মো. নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। এছাড়া জনসভায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে সভা থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের জন্যে ঘোষিত লিফলেট বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত