বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের অনুপ্রেরণা, এ দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক। এ দেশের জনগণ যতবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে।
আজ সোমবার বিকেলে পিরোজপুরের মূলগ্রাম এলাকায় বিগত সরকারের আমলে হামলায় পঙ্গুত্ববরণকারী প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বহু বছর যাবত আমি প্রবাসে আছি, থাকতে বাধ্য হচ্ছি। গত জুলাইসহ বিগত ১৭ বছরে আমাদের দলেরসহ বহু মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন। সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার আদায়ে হোক। এসব আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন।
তিনি বলেন, এনাফ ইজ এনাফ। অনেক আন্দোলন হয়েছে। এবার আমরা সকল মতভেদ ভেদাভেদ ভুলে সকলে একটা জায়গায় আসি। আমরা বহুদলীর গণতন্ত্রে বিশ্বাস করি। বিভিন্ন দল থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে কিন্তু সেই ঝগড়া ফ্যাসাদ কমিয়ে ফেলি।
তারেক রহমান মোতালেব আকনের সন্তানদের দেখিয়ে বলেন, এ রকম লাখো কোটি তরুণ-তরুণী, নারী-পুরুষ আছে যারা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে চান। আমরা এই সমস্ত তরুণদের নিয়ে ভাবছি। তারা যেন ন্যূনতম মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে সেই ভাবে আমরা পরিকল্পনা করছি। আগামী দিনে আমরা মেধার ভিত্তিতে সমাজ গড়তে চাই।
কৃষকদের ব্যাপারে এ নেতা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, লক্ষ-কোটি কৃষক কৃষি কাজের সঙ্গে জড়িত। তারা উৎপাদন করে বলে ২০ কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু এই কৃষকরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, দেশের মা-বোনদের কিভাবে স্বাবলম্বী করা যায়, আরেকটু শিক্ষিত করা যায় সেই পরিকল্পনা আমরা করছি।
তিনি বলেন, এখন আন্দোলন নয়, মিছিল নয়, সংগ্রাম নয়, আসুন আমরা সবাই মিলে কম্পিটিশন করি, কিভাবে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে কাজ করা যায়। জনগণ যাদের সুযোগ দেবে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
শহরাঞ্চলে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল: স্বাস্থ্য সচিব
‘নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে ভারত’