সালাহউদ্দিন বললেন

বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবিলাই চ্যালেঞ্জ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর পরিবর্তে বিভিন্ন কায়দাকানুনের মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, আলোচনা এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা অথবা পিআর পদ্ধতির বিষয়ে জনগণকে বিভ্রান্ত করে একটি অস্থিতিশীল সরকারব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেগুলো মোকাবিলাই মূল চ্যালেঞ্জ।

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখনো কেউ কেউ আগে গণভোট ও সাংবিধানিক আদেশের কথা বলছে। এগুলো পরিহার করা উচিত।’ একই দিনে দুটি ব্যালট দিলে জনগণ বিভ্রান্ত হতে পারে বলে যে ধারণা, সেটির সমালোচনা করে তিনি বলেন, ‘এখনই দেশের মানুষ স্থানীয় সরকার, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে দুই-তিনটি ব্যালটে ভোট দিতে অভ্যস্ত।’ পুলিশের মনোবল আগের অবস্থায় না আসায় তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সেটি নিয়ে এখনো জনমনে প্রশ্ন রয়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘তাদের সহায়তার জন্য এক লাখ সেনাসদস্য কাজ করবেন। আনসারসহ সহযোগী বাহিনীগুলোকেও এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে জনগণ এবার সুষ্ঠু নির্বাচনের জন্য এত বেশি উদগ্রীব হয়ে আছে, তারাই মূল ভূমিকা পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত