ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি বাদল গ্রেপ্তার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইক চালক খোকন মিয়াকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে বিশেষ কৌশলে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৬ অক্টোবর) রাতে হত্যা মামলার প্রধান আসামি বদরউদ্দিন আল সানি বাদলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার আগে সোমবার সন্ধ্যায় ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট থেকে বাদলকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনীর একটি দল।  

পুলিশ সূত্রে জানা যায়, বাদল সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আউটসোর্সিং এর কাজ করে। ছুটিতে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে ফের ক্যান্টনমেন্টে চলে যায়। প্রযুক্তিগত সহায়তায় বাদলের লোকেশন এবং হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। 

প্রসঙ্গত, (৪ অক্টোবর) নিহত ইজিবাইক চালকের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে বাদলকে প্রধান ও তার ভাই উপজেলার মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে ২ নম্বর আসামি করে থানায় ১৩ জনের নামে একটি মামলা দায়ের করেন। এর আগে গত (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত খোকন একই গ্রামের কছুমদ্দিনের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ইজিবাইক চালক খোকন হত্যা মামলার প্রধান আসামি
মিরপুর ক্যান্টনমেন্টে আউটসোর্সিং এর চাকরি করতো। বিশেষ তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে হত্যা মামলার এজহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত