দেশে আধিপত্য বিস্তারের জন্য দুটি আঞ্চলিক ও একটি বিশ্ব পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।’
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। আমরা এখন এই মুহূর্তে যে বিষয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথীবিতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি একটি বিশ্ব শক্তি। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা।’
‘কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিন শক্তির দ্বারাই। তাই আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির ওপরে। আমাদের নীতি হলো সবার আগে বাংলাদেশ। দেশের জন্য দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের সবাইকে একই ভাবে একই নীতিতে সোচ্চার হতে হবে। এই দেশের পক্ষে দেশের মানুষের স্বার্থে সবার আগে বাংলাদেশ।’
‘এই নীতির মধ্যে বাংলাদেশ জীবিত থাকবে। এর মধ্যেই বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই তিনটা শব্দের মাধ্যমে সারা বাংলাদেশ উজ্জীবিত থাকবে। আমাদের স্বাধীনতার মূলমন্ত্র সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে সবার আগে বাংলাদেশ, যে কোনও বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে।’
‘কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে এক নম্বরে রাখি তাহলে আমরা জাতি হিসেবে কোনোদিন ভুল পথে পরিচালিত হব না। এই যে আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই ছাত্র, বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই। যদি আমরা মেধাবী প্রতিভাবানদের নেতৃত্বে নিয়ে আসি তখনই আমাদের এই অগ্রযাত্রা সম্ভব হবে। সেজন্য আমি প্রশংসা করি সব সময় আমাদের শিক্ষার্থী বন্ধুদের। আসুন আমরা মেধাকে গুরুত্ব দেই।’
শেখ হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে উল্লেখ করে বিবএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।’
এ সময় মেধা, সততা ও ভালো নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মারধর করে। পরে সেদিন দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
