একটি মেসেজে বদলে গেল দুই চিকিৎসকের কর্মস্থল

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম

একটি ফোন আর একটি মেসেজ তাতেই বদলে গেল দুই চিকিৎসকের কর্মস্থল। উপসচিবকে ‘উপেক্ষা’ ও ‘অপমানজনক বার্তা’ পাঠানোর অভিযোগে বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশলয় সাহা এবং তার স্ত্রী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়।

সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা বিভাগের একজন উপসচিবের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বাস্থ্যসেবা বিভাগের ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব মো. শাহাদত হোসেন কবির অভিযোগ করেন, তার পক্ষ থেকে একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও উভয় চিকিৎসক কোনো উত্তর দেননি। বরং দম্ভোক্তি ভাব দেখানো হয়। পরবর্তীতে ডা. কিশলয় সাহা নিজে উপসচিবকে ফোন করলে কথোপকথনের সময় একপর্যায়ে তিনি অশোভন ভাষা ব্যবহার করেন। একইসঙ্গে পাঠানো হয় উদ্ধত ও রূঢ় ভাষার মেসেজ। এ ঘটনায় গত (২ অক্টোবর) এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে কারণ দর্শানোর নোটিশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব মো. সাইদুর রহমান। ঘটনার এক সপ্তাহের মধ্যেই সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, ডা. কিশলয় সাহাকে বদলি করা হয়েছে পটুয়াখালীর কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে। অপরদিকে, ডা. অদিতি রায়কে বদলি করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ২০ শয্যা হাসপাতালের আবাসিক কর্মকর্তা হিসেবে। 

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস । 

এ বিষয়ে বক্তব্য জানতে ডা. কিশলয় সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বদলির বিষয়টি স্বীকার করলেও অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তার স্ত্রী ডা. অদিতি রায়ের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।  

স্বাস্থ্য অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সরকারি কর্মকর্তা হিসেবে শিষ্টাচার ও পেশাগত আচরণ বজায় রাখা বাধ্যতামূলক। এর ব্যত্যয়ে জবাবদিহি অবশ্যম্ভাবী।’

তিনি আরও বলেন, চিকিৎসা প্রশাসনের মতো স্পর্শকাতর খাতে দায়িত্বপ্রাপ্তদের আচরণ যেন জনগণের আস্থার প্রতি অবমাননাকর না হয়, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়। উল্লেখ এই স্থলে আবারো যোগদানের কথা রয়েছে আগে কর্মরত থাকা ডা. হাবিবুর রহমান কে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত