মো সালাহর জোড়ায় ম্যাচ জিতে চতুর্থবার বিশ্বকাপে মিসর

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম

আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে 'এ' গ্রুপে আট রাউন্ড শেষে শীর্ষে ছিল মোহামেদ সালাহর মিসর। নিজেদের শেষ দুই ম্যাচের একটি জিতলেই হতো। বুধবার রাতে নবম রাউন্ডের ম্যাচে মিসর ৩-০ তে হারিয়েছে কাসাব্লাঙ্কা জিবুতিকে, তাতে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটলো মিসর। জোড়া গোল করেছেন সালাহ।

সব মিলিয়ে ১৯তম এবং আফ্রিকার তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিসর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৯ দল। রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে মাত্র চতুর্থবার। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা দলটি এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে। আট বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চ মাতাবে আফ্রিকার দেশটি।

জিবুতির মাঠে ম্যাচের অষ্টম মিনিটে ইব্রাহিম আদেল গোল করলে এগিয়ে যায় মিসর। ১৪ মিনিটে ত্রেজেগের থ্রু বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। আর ৮৪ মিনিটে মারউইন আতেয়ার লম্বা পাস থেকে বল ধরে জালে পাঠান সালাহ।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লিভারপুল তারকা সালাহ করেছেন মোট ৯ গোল। এবার আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সালাহ সর্বোচ্চ গোলদাতা।

আগামী রবিবার রাতে গিনি বিসাওয়ের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে মিসর।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত