নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন আলী পার্শ্ববর্তী লালপুর উপজেলার মহরকয়া বিলমাড়িয়া গ্রামের মৃত সাজদার রহমান ও মোসাম্মাৎ ফেরদৌসী বেগমের ছেলে।
তিনি রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে পাস করেন। বর্তমানে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই ছিলেন শাহিন। তিনি বোনের সঙ্গে ওই সরকারি কোয়ার্টারেই বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নি করছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করতে হয়। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহী মেডিকেলে নিজের সার্টিফিকেট আনতে যান, কিন্তু সেটি না পাওয়ায় মনঃক্ষুণ্ন হয়ে পড়েন। পরে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেন। বিকালে তার বড় বোন ডিউটিতে হাসপাতালে গেলে, সেই ফাঁকে শাহিন নিজের কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বাগাতিপাড়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাজনীন আখতারি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজাওয়ানুর হক জানান, সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই তার সঙ্গে হাসপাতাল কোয়াটারে থাকতেন। শুনেছি তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।
