আমার গোল না হলেও যদি আমরা জিততাম খুশি লাগতো: শমিত সোম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০২:০৯ এএম

হংকংয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেছেন কানাডা প্রিমিয়ার লিগে খেলা শমিত সোম। যোগ করা সময়ের নবম মিনিটে তাঁর গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে গোল হজম করে শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে হারে স্বাগতিকরা।

ম্যাচ শেষে টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শমিত বলেন,
“হতাশ কিনা জানি না, তবে গোলটা করতে পেরে খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হয়ে গোল করতে পারা অনেক সম্মানের। আমি খুশি হতাম যদি আমার গোল না হতো, কিন্তু আমরা জিততাম। তবে দেশের জন্য গোল করতে পেরে গর্বিত। এই অনুভূতি আমি জীবনে কোনোদিন ভুলব না।”

শেষ মুহূর্তে সমতা ফিরিয়েও জয় হাতছাড়া হওয়া নিয়ে শমিতের বিশ্লেষণ,
“পজিটিভ দিক হলো আগে কখনো চিন্তা করা যেত না ১-৩ পিছিয়ে থেকেও আমরা ফিরে আসব। আমাদের দলে অনেক ক্যারেক্টার আছে, অনেক প্যাশন আছে। আমরা হতাশ হব না। এটা একটা ফাউন্ডেশন—এখান থেকে আমরা শিখব।”

ডিফেন্সে দুর্বলতার বিষয়েও খোলামেলা মত দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড,
“সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে গোল খেয়েছিলাম। এসব থেকে শিক্ষা নিতে হবে। ইজি গোল হজম করলে ম্যাচ জেতা যায় না। আমাদের আরও শৃঙ্খল হতে হবে, বিশেষ করে ব্যাকলাইনে। সবার দায়িত্ব আছে। এটা ফুটবল—আপস অ্যান্ড ডাউনস থাকবেই। গুরুত্বপূর্ণ হলো আমরা শিখে এগোব।”

শেষে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে শমিত বলেন,
“আমরা সবাই হতাশ, কারণ ফ্যানদের জেতার আনন্দ দিতে পারিনি। এবার পারিনি, তবে সামনেরবার আমরা জিতব ইনশাআল্লাহ।”

প্রথম আন্তর্জাতিক গোল করেও দলকে জেতাতে না পারার কষ্ট লুকাতে পারেননি শমিত সোম। তবে তাঁর কথায় ভরসা, এই তরুণ দলের ভেতরে আছে জেদ, আত্মবিশ্বাস আর শেখার মানসিকতা—যেখান থেকেই তারা ফিরে আসবে আরও শক্ত হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত