আজ ৪৯তম বিসিএস

৬৮৩ শূন্যপদে লড়ছেন তিন লাখেরও বেশি প্রার্থী

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হচ্ছে শুধু রাজধানী ঢাকায়। পরীক্ষার আসন বিন্যাসসহ প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd প্রকাশ করা হয়েছে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পিএসসির তথ্য অনুযায়ী, তিন লাখ ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দেওয়ায় পিএসসি গত ২১ জুলাই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইন আবেদন গ্রহণ, যা শেষ হয় ২২ আগস্ট। আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পান।

এই পরীক্ষায় সাধারণ প্রার্থীদের আবেদন ফি ধরা হয় ২০০ টাকা, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয় ৫০ টাকা। অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ করা হয় ২১ থেকে ৩২ বছর বয়সীদের জন্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগেও নিয়োগ হবে।

বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের তুলনায় ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেই; লিখিত পরীক্ষায় থাকবে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন, আর মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত