চট্টগ্রাম নগরের আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হালিশহর থানার ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহারিয়ার আজিজ অনিক (২৭) ও মো. সোহান (২৭)। দুজনই চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহত অনিকের বাড়ি নোয়াখালী জেলায়। সোহান চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
হালিশহর থানার ওসি জাকির হোসেন জানান, নিহত দুজন বন্ধু এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারা রাত ১১টার পর পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে আউটার রিং রোড ধরে ফিরছিলেন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন তারা। চিটাগং ফিলিং স্টেশন থেকে বের হওয়া একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দিয়ে দুজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্বপাশে গতকাল সকালের দিকে নসিমন গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। নিহতরা হলেন তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও অন্যজন কোহিত গ্রামের অটোরিকশাচালক মো. হাইফোত হোসেন (৫২)। এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
