রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (২০)কে গলা কেটে  হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাতেই তাদের নিজ ঘরে জবাই করে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা ত্রিশ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ক্রোকারিজের ব্যবসা করেন মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী বাড়ি ফেরেন তার ছেলে ফরহাদ হোসেন রাব্বী। বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভিতরে গেলে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।

প্রাথমিক অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন রাব্বীকে বিয়ে করার প্রস্তুতি চলছিল। বিয়ের জন্য কয়েক দিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার কেনা হয়েছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে স্ত্রী ও মেয়েকে বাধা দিলে তাদের কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোনো কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত