রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাঁ মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মুনসুর জানান, গত রাত সাড়ে ৯টার দিাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তার বয়স আনুমানিক ৫৫ বছর। একই সময় জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক পুরুষের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। যার বয়স আনুমানিক ৪০ বছর।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, ৩ জনই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।
