ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদী ইপিজেড এলাকার একটি ভাড়া বাসা থেকে পেয়ারা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পাকশী ইপিজেড এলাকায় রিপন হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পেয়ারা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজামবাড়ীয়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। সংসার জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেয়ারা বেগমের স্বামী হাফিজুর রহমার ঈশ্বরদী ইপিজেড এলাকায় দিন মজুরের কাজ করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী হাফিজুর রহমার পলাতক রয়েছেন।

বাড়ির মালিক রিপন হোসেন জানান, এক মাস পূর্বে হাফিজুর রহমার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত