উপদেষ্টাদের নয়, জাতির সেফ এক্সিটের দরকার: আসিফ নজরুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নয়, বরং জাতি হিসেবে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের প্রয়োজন রয়েছে। পাশাপাশি মানবাধিকার কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক এক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন রয়েছে। বিগত ১৬ বছর আমরা দুঃশাসন, গুম-খুন ও লুটপাট দেখলাম। এই অসুস্থ, ভয়াবহ ও আত্মধ্বংসী কাঠামো থেকে আমাদের অবশ্যই সেফ এক্সিটের দরকার।

তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। তবে উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। কিন্তু ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া দরকার।

আইন প্রণয়ন ও প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে পার্থক্য টেনে তিনি বলেন, ভালো আইন করা মানেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যাবে, এটা আশা করার বয়স আমার নেই। আইন প্রণয়নের চেয়ে প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন, কারণ অনেক সীমাবদ্ধতা রয়েছে।

রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেননি। সবসময়ই তা প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে।

তিনি আরও বলেন, ভালো আইন একটি ভিত্তি তৈরি করে, কিন্তু এটি নিয়ে বেশি আশা করার কিছু নেই। আমার আশা, মানবাধিকার সংক্রান্ত এই আইনটি যেন একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি। হিউম্যান রাইটস কমিশনকেও শক্তভাবে দাঁড় করাতে হবে।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগামী নির্বাচনের আগে মানবাধিকার নিয়ে সঠিক কাজগুলো আমাদের করে যেতে হবে। আজকের বাংলাদেশ, রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আগামী দিনের জন্য দেশকে নতুন করে তৈরি করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত