গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুল ওহাব প্রধান রিপন (৪৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তালুকজামিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল ওহাব রিপনের বাড়ি পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমগাছের ভিটা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে পলাশবাড়ী থানায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যা চেষ্টার মামলা এবং সদর থানায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, গত ২০ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগ নেতা রিপনের গ্রেপ্তার ঠেকাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে পাহারায় দাঁড়ায় গ্রামবাসী। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে অভিযোগ ওঠে, রিপনের গ্রেপ্তার ঠেকাতে গ্রামবাসীর ওই পাহারার ঘটনাটি ছিল সাজানো নাটক।

ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়, রিপনকে আইনশৃঙ্খলা বাহিনী অনেক আগেই গ্রেপ্তার করেছে, যদিও তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আব্দুল ওহাব প্রধান রিপন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত