বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী হৃদয় প্রামানিক (১৩) রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
এলাকাবাসী জানান, বেলা ১০টার দিকে হৃদয়, নিরব হোসেন ও সৌরভ করতোয়া নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধারের চেষ্টা করেন। নিরব ও সৌরভকে উদ্ধার করা গেলেও হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে। তারা ব্যর্থ হলে রাজশাহী থেকে একটি ডুবুরি দল অনুসন্ধান শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়ের সন্ধান পাওয়া যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আমাদের ৫ জন সদস্য উদ্ধার কাজ শুরু করেন। বেলা একটার দিকে রাজশাহী থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যৌথভাবে কিশোরটিকে উদ্ধারের চেষ্টা করছি।
এ ঘটনায় শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দীন বলেন দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
