মাগুরায় রাইস মিলে দুর্ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২১ এএম

মাগুরায় সদরের আলোকদিয়া এলাকায় অটো রাইস মিলের বয়লারে কেমিকেল ঢালার সময়ে তা উপচে পড়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমেনা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন, মোহাম্মদ শিপন, সবুজ, শাহিন হোসেন, অনুকূল ও রেজওয়ান। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, আহতরা গুরুতর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের সহকর্মী শ্রমিক জুয়েল শেখ বলেন, মিলে ব্যবহৃত কেমিকেল মাঝেমধ্যেই পরিবর্তন করতে হয়। শনিবার দুপুরে বয়লারে কেমিকেল ঢালার সময় তা হঠাৎ উপচে গিয়ে তাদের গায়ে পড়ে। তখন আমরা দ্রুত ছুটে গিয়ে সবাইকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসি।’

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ-খবর নেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে মিল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত