ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলি সংসদে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ স্লোগান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:০০ পিএম

গাজা নিয়ে শান্তিচুক্তি প্রসঙ্গে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলি পার্লামেন্টে বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তার বক্তব্য চলাকালীন একাধিক সংসদ সদস্য উচ্চস্বরে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ স্লোগান দেন এবং ট্রাম্পকে ‘সন্ত্রাসী’ বলেও অভিহিত করেন।

সোমবার (১৩ অক্টোবর) ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন এমপিকে নিরাপত্তা কর্মকর্তারা কক্ষ থেকে বের করে দেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যখন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রশংসা করছিলেন, তখন হাদাশ পার্টির নেতা আয়মান ওদেহ ও তার সহকর্মী সংসদ সদস্য একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল— “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।”

ঘটনার পর পার্লামেন্টের স্পিকার আমির ওহানা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “এর জন্য দুঃখিত, মি. প্রেসিডেন্ট।”

নিরাপত্তাকর্মীরা যখন ওদেহ ও তার সহকর্মীকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন ট্রাম্প মুচকি হেসে বলেন, “ওরা বেশ দক্ষ।” এতে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

ঘটনার প্রতিক্রিয়ায় আয়মান ওদেহ বলেন, “আমি কেবল একটি মৌলিক দাবি জানিয়েছি— ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত। এই দাবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ন্যায়সঙ্গত।”

এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে ওদেহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ইসরায়েলি সংসদে ভণ্ডামির মাত্রা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তোষামোদের মাধ্যমে রক্ষা করা হলেও গাজায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত